প্রতিদিনের বান্দরবান

দুই ঘণ্টা সাগরে সাঁতার কেটে বাবার লাশ নিয়ে বাড়ি ফিরলেন ২ ছেলে

ভোলার চরফ্যাশনে মেঘনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নুরে আলম ওরফে বেচু মাঝি (৬৫) নামে এক জেলে নিহত হয়েছেন। পরে ‎দুই ঘণ্টা সাগরে সাঁতার কেটে তার লাশ নিয়ে বাড়িতে আসেন দুই ছেলে।‎‎শুক্রবার (২০ মার্চ) বিকালে চরপাতিলা বয়ার চর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।‎‎নিহত নুরে আলম ওরফে বেচু মাঝি চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের বাসিন্দা মৃত মজিবল হকের ছেলে।‎‎নিহতের ছেলে শাহীন জানান, বৃহস্পতিবার বিকালে তিনি ও তার বাবা বেচু মাঝি এবং ভাই সাকিলকে নিয়ে চরপাতিলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। শুক্রবার বিকালে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে তাদেরমাছ ধরার ট্রলারটি উল্টে যায়। এ সময় তার বাবা বেচু মাঝি ট্রলারের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান এবং আর উপরে উঠতে পারেননি।‎‎তিনি আরও জানান, আমার ভাই সাকিল জালের বয়া ধরে কোনোভাবে পানিতে ভেসে থেকে প্রাণে বেঁচে যান। কিছুক্ষণ পর বাবা বেচু মাঝির মরদেহ ভেসে উঠলে তাকে নিয়ে প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে মরদেহটি চরপাতিলা নদীর তীরে নিয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানো হয়।‎‎স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন ও শাহীন পিটার জানান, বেচু মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে। তার ৯ সন্তান রয়েছে, যার মধ্যে ৩০ বছর বয়সি এক প্রতিবন্ধী মেয়ে রয়েছে। পরিবারটির পাশে সরকার ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের দাঁড়ানোর আহ্বান জানান তারা।‎‎দক্ষিণ আইচা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।‎‎চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নিহত জেলে নিবন্ধিত হয়ে থাকলে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মৎস্য বিভাগ সবসময় তাদের পাশে থাকবে।

দুই ঘণ্টা সাগরে সাঁতার কেটে বাবার লাশ নিয়ে বাড়ি ফিরলেন ২ ছেলে