বান্দরবানের রোয়াংছড়িতে গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ৪ গরু চোর যুবককে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাত প্রায় ১টার দিকে ২নং তারাছা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাইংগ্যা ডানেশ পাড়ার বাসিন্দা আমির হোসেন এর গোয়ালে এঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামবাসীরা চেহেরী খেতে ভোর রাতে ঘুম থেকে উঠে হঠাৎ ৪ যুবককে গরু চুরি করে নিয়ে যেতে দেখতে পান। এসময় স্থানীয়রা চোর চোর বলে চিৎকার করলে ৪ চোরকে ধরে ফেলে জনতা। পরে রোয়াংছড়ি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ ফোর্স পাঠিয়ে আটককৃত ৪ চোরকে নিয়ে আসে।আটককৃত গরু চোররা হলেন, বান্দরবান সদরের নতুন ব্রীজ এলাকার নিউগুলশান ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা থুয়াইনু চিং মার্মা’র ছেলে উচনু মার্মা (৪০), মৃত অংথোয়াই মার্মা’র ছেলে রেদাশে মার্মা (৫০), ধুংখি অং মার্মা’র ছেলে শৈহ্লা চিং মার্মা (৪৫) এবং রোয়াংছড়ি উপজেলা আলেক্ষ্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড গ্রোক্ষ্যং পাড়ার নাইমেচিং মার্মা’র ছেলে সাচিংনু মার্মা (৪২)।এব্যাপারে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ৪ গরু চোরকে আটক করে রাখা হয়েছে বলে ফোনে জানিয়েছে ছাইংগ্যা ডানেশ পাড়ার স্থানীয়রা। খবর পাওয়ার পরে ফোর্স পাঠিয়ে তাদেরকে নিয়ে আসা হয়, তাদের বিরুদ্ধে গরুর মালিক মো. আমির হোসেন বাদী হয়ে থানায় মামলা রুজু করছে এবং আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।