বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজারে প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর সঙ্ঘবদ্ধ হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনের আলোতে সংঘটিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।অভিযোগে জানা যায়, স্থানীয় সাংবাদিক আজিজুল হক রানা বাজারে অবস্থানকালে হঠাৎ করে মিজানুল বশর তার ওপর অতর্কিত হামলার উদ্দেশ্যে তেড়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি আত্মরক্ষার্থে পাশের একটি দোকানে আশ্রয় নেন। তবে সেখানেও অভিযুক্ত তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাজারে উপস্থিত সাধারণ মানুষ ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে দিকবেদিক ছোটাছুটি করতে থাকে।ভুক্তভোগী সাংবাদিক আজিজুল হক রানা বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া বন্ধে কাজ করে আসছি। এ কারণে ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত কমিটির সভাপতি মিজানুল বশর আমার ওপর হামলার চেষ্টা চালিয়েছে। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাই এবং তাদের সহায়তায় নিরাপদে উদ্ধার হই।”স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, “হঠাৎ করে বাজারে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দেখি একজন লোক সাংবাদিকের দিকে তেড়ে যাচ্ছে। পরে সবাই মিলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি।”খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মিজানুল বশর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।