প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬
উখিয়ায় র্যাবের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব-১৫)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।র্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ২০২৬ দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পান বাজার এলাকায় জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়।র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অন্ধকারের সুযোগে আরও ২-৩ জন পালিয়ে যায় বলে জানিয়েছে র্যাব।গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ আলম (৩৩), মোঃ রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) এবং জাহেদ উল্লাহ (২১)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—১টি দেশীয় তৈরি পিস্তল ও ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১টি ফায়ারকৃত খোসা, ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ফোল্ডিং স্টিলের চাকু, ৩টি বিশেষ ধরনের ধারালো আংটি এবং ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের সিম কার্ড।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। তাদের মধ্যে মোঃ আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে The Arms Act এবং Penal Code অনুযায়ী মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার ও অস্ত্রের উৎস উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক, সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার), র্যাব-১৫, কক্সবাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত