প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬
চকরিয়ায় পুলিশ কর্মকর্তার মৃত্যু নিয়ে ধুম্রজাল
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
কক্সবাজারের চকরিয়ায় রূপন কান্তি দে নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। স্থানীয় অনেকে বলছেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে তার মৃত্যু হয়েছে। আর পুলিশ বলছে, রূপন কান্তি মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে।সোমবার বিকেলে চকরিয়া হারবাং বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, একজন মাদক ব্যবসায়ীকে ধরতে চকরিয়ার হারবাং এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় এএসআই রূপন কান্তি দে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এএসআই মোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন। রূপন কান্তি দে চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।অপরদিকে পুলিশ জানিয়েছে, দায়িত্ব পালন অবস্থায় হঠাৎ অসুস্থতা অনুভব করে মাথা ঘুরে পড়ে যান রূপন। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে থাকা সহকর্মী এএসআই মোয়াজ্জেম হোসেন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন হাসপাতালের বরাত দিয়ে জানান, পুলিশ কর্মকর্তা রূপন কান্তি দে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।এ বিষয়ে জানার জন্য কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করে কথা বলা সম্ভব হয়নি।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত