প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
আলীকদমে ব্রীক সলিং সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ||
বান্দরবানের আলীকদম উপজেলায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে একটি সড়ক নির্মাণ কাজকে কেন্দ্র করে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন এলাকাবাসী।অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ে বাস্তবায়নযোগ্য “নুর হোসেনের বাড়ি হতে ফাঁসিয়াখালী সড়ক অভিমুখে রাস্তা সংস্কার ও উন্নয়ন প্রকল্পে ৪ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।কিন্তু কাজের বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত ১ নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ২ নম্বর ইট ব্যবহার করা হয়েছে এবং বালির পরিবর্তে পাহাড়ের মাটি ব্যবহার করে কাজ সম্পন্ন করা হচ্ছে।এই প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্বে থাকা ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর মতে, বরাদ্দের পুরো অর্থ ব্যয় না করে নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে। সোনাইছড়ি এলাকায় ব্রীক সলিং সড়ক নির্মাণ কাজেও অনিয়মের অভিযোগ উঠে, যেখানে ইটের নিচে বালির স্তর না দেওয়া, নিম্নমানের ইট ব্যবহার এবং ভাঙা কালভার্টের উপর দিয়ে সড়ক নির্মাণের মতো গুরুতর ত্রুটির কথা উঠে আসে।স্থানীয়দের দাবি, একাধিক প্রকল্পে একই ধরনের অনিয়ম প্রমাণ করে যে তদারকির অভাবেই এসব দুর্নীতি ঘটছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, এমন নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণ করা হবে না। কাজটি শতভাগ মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে।আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনজুর আলম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সড়কটি নতুনভাবে নির্মাণ করার নির্দেশ দেওয়া হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত