প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
বান্দরবানে বন্যার পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু
ডেস্ক নিউজ, প্রতিদিনের বান্দরবান ||
বান্দরবানে বন্যার পানিতে ডুবে মো. আবু তাহের (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লেমুঝিড়ি এলাকার বন্যার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর থানা পুলিশ। তিনি বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুঝিড়ি পাড়ার বাসিন্দা।পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় মাছ বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন যুবক বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরার সময় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আবু তাহেরের বলে শনাক্ত করেন।লেমুঝিড়ি পাড়ার গ্রাম পুলিশ মো. ইউসুফ এদিনকে জানান, বুধবার সন্ধ্যায় আবু তাহের পায়ে হেঁটে তংপ্রুপাড়া ও লেমুঝিড়ি আগাপাড়া হয়ে বান্দরবান শহরের দিকে যান। পরে রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে পাড়ার কয়েকজন যুবক বন্যার পানিতে মাছ ধরার সময় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।তিনি আরো জানান, আবু তাহের আগে একবার স্ট্রোক করেছিলেন। এরপর থেকে তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং সাঁতারও জানতেন না।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ পারভেজ এদিনকে বলেন, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বন্যার পানিতে পড়ে তিনি ডুবে মারা যান। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী আবু তাহের একজন স্ট্রোকের রোগী ছিলেন এবং মাছ ব্যবসা করতেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত