প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
বন্যার্তদের বাঁচানো সেই ‘মানবিক যোদ্ধা’ বেলাল আর নেই, এলাকায় শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
কক্সবাজারের চকরিয়ায় বন্যার্ত মানুষের জীবন বাঁচাতে নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে দিন-রাত কাজ করা সেই ‘মানবিক যোদ্ধা’ বেলাল উদ্দিন (৪০) আর নেই। বন্যার পানি নেমে যাওয়ার পর নিজের ফসলি জমিতে পরিচর্যার কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ জুলাই) চকরিয়া উপজেলার পহরচাঁদা গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বেলাল উদ্দিন ওই এলাকার বাসিন্দা ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় যখন পুরো এলাকা প্লাবিত হয়েছিল, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে নৌকা নিয়ে ঘরবাড়ি হারানো ও পানিবন্দি মানুষকে উদ্ধার করতে এক বাড়ি থেকে অন্য বাড়ি ছুটে গিয়েছিলেন বেলাল। ক্লান্তিহীন ও নিদ্রাহীনভাবে সাধারণ মানুষের মুখে খাবার ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে তিনি অনন্য ভূমিকা রাখেন, যা পুরো এলাকায় তাকে ‘মানবিক যোদ্ধা’ হিসেবে পরিচিতি দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর আজ দুপুরে বেলাল তার নিজের ফসলি জমিতে পরিচর্যার কাজে যান। বন্যার উদ্ধার অভিযানে টানা পরিশ্রমের কারণে শারীরিকভাবে ক্লান্ত বেলাল হঠাৎ জমিতেই অসুস্থতা বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মঙ্গলবার দুপুরে মানবিক যোদ্ধা বেলাল উদ্দিনের এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে। নেটিজেনরা তার এই নিঃস্বার্থ মানবিক কাজের কথা স্মরণ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত