প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
লামায় নিলামে জালিয়াতি: জব্দকৃত বালু মেশিন মিললো ইউএনও’র সহকারীর বাসায়
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের পর জব্দকৃত শ্যালো মেশিন ‘গায়েব’ হওয়ার ঘটনার নাটকীয় মোড় নিয়েছে। গতকাল নিলামে ভালো মেশিনের পরিবর্তে পুরাতন ভাঙাড়ি তোলার পর জানা গেছে, আসল ও নতুন শ্যালো মেশিনগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ মঈন উদ্দীনের অত্যন্ত বিশ্বস্ত সহকারী মোঃ সোহেলের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। এই তথ্য ফাঁস হওয়ার পর স্থানীয় প্রশাসন ও অবৈধ বালু সিন্ডিকেটের মধ্যকার পরোক্ষ যোগসাজশের বিষয়টি এখন আর গোপন কোনো অভিযোগ নয়, বরং প্রকাশ্য সত্যে পরিণত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি লামা উপজেলার বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কিছু দামী ও নতুন শ্যালো মেশিন জব্দ করা হয়। নিয়ম অনুযায়ী আজ সেই মালামাল উন্মুক্ত নিলামে তোলার কথা ছিল। কিন্তু নিলামের নির্ধারিত সময়ে উপস্থিত ক্রেতারা দেখতে পান, অভিযানে জব্দ করা আসল সচল ও দামী মেশিনগুলোর পরিবর্তে নিলামের জন্য সাজিয়ে রাখা হয়েছে পুরোনো, অকেজো ও বাতিল কিছু ভাঙাড়ি ইঞ্জিন।প্রশাসনের এই চরম ধোঁকাবাজি ও জালিয়াতি বুঝতে পেরে নিলামে অংশ নিতে আসা সাধারণ ক্রেতারা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে নিলাম বয়কট করে কক্ষ থেকে বের হয়ে আসেন। সাধারণ ক্রেতারা যখন প্রশ্ন তুলছিলেন যে অভিযানের আসল ভালো মেশিনগুলো কোথায় গেল, ঠিক তখনই অনুসন্ধানে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর সত্য।বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযানে জব্দ করা দামী ও নতুন শ্যালো মেশিনগুলো সরকারি মালখানায় বা নির্দিষ্ট হেফাজতে না রেখে, তা কৌশলে সরিয়ে নেওয়া হয়েছিল ইউএনও’র বিশ্বস্ত সহকারী মোঃ সোহেলের ব্যক্তিগত বাড়িতে। বালু খেকো সিন্ডিকেটের সাথে মোটা অঙ্কের গোপন সমঝোতা এবং আর্থিক লেনদেনের অংশ হিসেবেই ইউএনও’র এই বিশ্বস্ত সহকারীর বাড়িতে মেশিনগুলো নিরাপদে রাখা হয়, যাতে পরে তা মোট অংকের টাকার বিনিময়ে পূর্বের মালিকদের কাছে গোপনে হস্তান্তর করা যায়।এই ঘটনা ফাঁসের পর এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, লামায় অবৈধ বালু সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে স্বয়ং প্রশাসনের এই অসাধু চক্র। লোকদেখানো অভিযান চালিয়ে জনগণের চোখে ধুলো দেওয়া হলেও নেপথ্যে চলে বিশাল অঙ্কের বাণিজ্য। ইউএনও’র পরোক্ষ যোগসাজশ এবং তাঁর বিশ্বস্ত সহকারীর সরাসরি সম্পৃক্ততা ছাড়া সরকারি সম্পদ এভাবে গায়েব করে ব্যক্তিগত বাড়িতে লুকিয়ে রাখা অসম্ভব।এই নজিরবিহীন নিলাম জালিয়াতি এবং সরকারি মালামাল চুরির ঘটনায় সহকারী মোঃ সোহেল এবং নেপথ্যে থাকা প্রভাবশালীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং এই জালিয়াতির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত