প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
মায়ের ১০ মাস ১০ দিনের কষ্টের ‘প্রতিদান’ ১০ মাস ১০ দিনের জেল!
নিজস্ব প্রতিবেদক, লামা (বান্দরবান) প্রতিনিধি; ||
মাদক সেবন, জন্মদাতা মা-বাবাকে মারধর ও দেশীয় অস্ত্র রাখার দায়ে মোঃ ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। যে সন্তানকে মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই মাকে মারধরের অপরাধে প্রতীকী হিসেবে আসামিকে এই ব্যতিক্রমী মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টায় লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন তাঁর কার্যালয়ে এ সাজা শোনান। (মামলা নং: ৫৩/২০২৬)। দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার সোহরাব ড্রাইভারের ছেলে।আদালত সূত্রে জানা যায়, ইমতিয়াজ দীর্ঘদিন ধরে ইয়াবা ও মদ সেবন করে আসছিল। মাদকাসক্ত হয়ে সে প্রায়ই নিজের মা-বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সর্বশেষ দেশীয় অস্ত্রসহ মা-বাবাকে মারধর করার সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।অভিযান ও রায় প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন জানান, ইয়াবা-মদ সেবন, মা-বাবাকে মারধর ও দেশীয় অস্ত্র সাথে রাখার অপরাধে তাকে এই সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি মন্তব্য করেন, "যে সন্তানকে মা ১০ মাস ১০ দিন পেটে রেখেছে, সেই সন্তান মাকে মারধর করে। তাই এমন সন্তানের সাজাও দেওয়া হয়েছে ঠিক ১০ মাস ১০ দিন জেল।"আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত ইমতিয়াজকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে। মা-বাবার প্রতি অবমাননার বিরুদ্ধে প্রশাসনের এমন দৃষ্টান্তমূলক ও শিক্ষণীয় রায় এলাকায় সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত