প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
লামায় দিনমজুর হত্যা মামলার অন্যতম আসামি ঢাকায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
বান্দরবানের লামায় দিনমজুর মো. ছগির (৪২) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহিমকে (২৩) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর আদাবর থানার সাহিল ফিলিং স্টেশনের পেছন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম লামা পৌরসভার সাবেক বিলছড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে। ডিএমপির আদাবর থানা-পুলিশের সহায়তায় লামা থানা-পুলিশ এই অভিযান চালায়।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং বাজার এলাকায় একটি বাগানে কাজ করতে যান দিনমজুর মো. ছগির। ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে তিনি মুঠোফোনে পরিবারকে রূপসীপাড়া বাজার থেকে বাড়ি ফেরার কথা জানান। কিন্তু ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ২৭ সেপ্টেম্বর সকালে শিলেরতুয়া-রূপসীপাড়া সড়কের হাতিরঝিরি এলাকার লাল মিয়ার পাহাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা আক্তার বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর লামা থানায় একটি হত্যা মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা লামা থানার উপপরিদর্শক (এসআই) সত্যজিৎ বড়ুয়া জানান, হত্যার পর আসামিরা ছগিরের পরনের কাপড় দিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে মরদেহ ফেলে রেখে যায় এবং মুঠোফোনটি ছিনিয়ে নেয়। পরে ফোনটি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় তার সঙ্গে মো. ইসমাইল হোসেন (১৯) ও উনোথুই মার্মা ওরফে জাফর (২৫) নামে আরও দুজন ছিলেন। এর আগে গত ১২ অক্টোবর গ্রেপ্তার হওয়া আসামি ইসমাইল হোসেনও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ বলেন, গ্রেপ্তার আব্দুর রহিমকে লামার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর আসামি উনোথুই মার্মাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত