প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
এপেক্স ক্লাব অব লামার চার্টার সনদ লাভ ও শিক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের ১৪২তম ক্লাব হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি বা চার্টার সনদ লাভ করেছে ‘এপেক্স ক্লাব অব লামা’। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় লামা প্রেসক্লাব মিলনায়তনে সনদ হস্তান্তর ও ম্রো সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট মো. তৈয়ব আলীর হাতে চার্টার সনদ তুলে দেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি নাসিম আহমেদ। পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পড়াশোনায় উৎসাহ জোগাতে তাঁর উদ্যোগে ম্রো শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট মো. তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের এনআইআরডি মো. কামাল পাশা, সার্ভিস ডিরেক্টর মো. লিয়াকত আলী ও এনইএস মোজাম্মেল হক।অনুষ্ঠানের এক পর্যায়ে জাতীয় সভাপতি নাসিম আহমেদ এপেক্স ক্লাব অব লামার বোর্ড কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান এবং ২০২৬ বর্ষের জাতীয় সভাপতির লোগো সম্বলিত পিন পরিয়ে দেন। এ সময় স্পন্সর ক্লাব ‘এপেক্স ক্লাব অব চকরিয়া’র সাবেক সভাপতি সাইদুল হক চৌধুরী নতুন ক্লাবের ১১ জন সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের জেলা-৩ গভর্নর প্রকৌশলী মুহাম্মদ মহসিন, মো. আরাফাত চৌধুরী, লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, এপেক্স ক্লাব অব চকরিয়ার প্রেসিডেন্ট মোহাব্বত আলী, এপেক্স ক্লাব অব লামার প্রতিষ্ঠাতা সভাপতি এম. বশিরুল আলম ও মো. সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।বক্তারা সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ উন্নয়ন ও নেতৃত্বের বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২০২২ সালের ২৯ ডিসেম্বর এপেক্স ক্লাব অব লামা গঠিত হয়।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত