প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর ভোট করায় বিএনপি নেতাকে ন্যাড়া করে দিলেন কৃষক দল নেতা
||
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে ভোট করায় উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। এরপর বিষয়টি জানাজানি হয়।বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আবদুল মান্নান তালুকদার নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। এতে গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সিকে প্রধান আসামি করা হয়েছে। পৌর কৃষক দলের সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের হয়ে কাজ করেছেন।দেশ ও দশের কথা বলতেলাঞ্ছনার শিকার উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদার বলেন, ‘বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে সিএনজি অটোরিকশাযোগে ময়মনসিংহ যাওয়ার পথে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুন্সি আমাকে দেখতে পান। রেলক্রসিং অতিক্রমের সময় এবং সামনে পৌর ট্যাক্স টোল আদায়ের জন্য অটোরিকশাকে ব্যারিকেড দিলে শাহী মুন্সি এসে টেনেহিঁচড়ে আমাকে অটোরিকশা থেকে নামিয়ে নেন। এরপর শারীরিকভাবে নির্যাতন করে একটি সেলুনে নিয়ে একটি চেয়ারে বসিয়ে শাহী মুন্সি ও তার সহযোগীরা আমার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। পরে পথচারীদের ডেকে এনে আমাকে ন্যাড়া করে দেওয়ার বিষয়টি দেখানো হয় এবং লাঞ্ছিত করা হয়।’আবদুল মান্নান তালুকদার আরও বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। বারবার জেল খেটেছি। কিন্তু এমন নির্যাতনের শিকার হইনি। নির্বাচনে আমি বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করেছিলাম। একমাত্র এটাই আমার অপরাধ। গৌরীপুরে ধানের শীষ বিজয়ী হয়েছে, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। আমরা আশা করেছিলাম, স্বস্তি ফিরে আসবে। সেই জায়গায় আমি এই উপহার পেলাম।’তবে আবদুল মান্নান তালুকদারকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সি। তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। বিএনপির সুনাম নষ্ট করতেই মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।’ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আবদুল মান্নান অনেকবার জেল খেটেছেন। জামিনে মুক্ত হয়ে আবারও রাজপথে আন্দোলন করেছেন। আমার পক্ষে নির্বাচনে কাজ করায় তাকে লাঞ্ছিত করেছেন আমাদের দলেরই নেতাকর্মীরা। এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।’এ বিষয়ে জানতে ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত