প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
রাজস্থলীতে টেলিটক টাওয়ার নির্মাণ কাজে সশস্ত্র সন্ত্রাসীদের বাধা
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় টেলিটক টাওয়ার নির্মাণকাজ বন্ধের হুমকির অভিযোগ উঠেছে। গত ৪ ফেব্রুয়ারি থেকে উপজেলার হেডম্যানপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে টাওয়ার স্থাপনের কাজ চলছিল।কাজের দায়িত্বে থাকা মো. জামাল হোসেন জানান, তার মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি কল দিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ চলছে বলে জানালে হুমকিদাতা বলে, ‘আমাদের সঙ্গে কথা না বলে এখানে কোনো কাজ করা যাবে না’—এ কথা বলে ফোন কেটে দেয়।পরবর্তীতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কাজ পুনরায় শুরু করতে গেলে এক অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে এসে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলে। এ সময় সে হুমকি দিয়ে জানায়, ‘লাইন ক্লিয়ার’ না করে কাজ করলে রাতে নিখোঁজ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হুমকি দিয়ে ওই ব্যক্তি দ্রুত পাশের খাল পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার সময় সেখানে পাঁচজন বাঙালি শ্রমিক কর্মরত ছিলেন। নিরাপত্তাজনিত কারণে টাওয়ার নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্টদের ধারণা, হুমকিদাতারা পার্বত্য অঞ্চলের কোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সদস্য হতে পারে এবং এটি চাঁদাবাজির অংশ। এর আগে প্রোটেকশন মানি আদায়ের অভিযোগে প্রায় ৪০টি টেলিযোগাযোগ টাওয়ার অচল করে দেওয়ার অভিযোগ উঠেছিল ইউপিডিএফ–এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত