প্রতিদিনের বান্দরবান

আলীকদমে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান, আটক ১৯

বান্দরবানের আলীকদমে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অহেতুক আড্ডা ও ঘোরাঘুরির অভিযোগে ১৯ কিশোরকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজের নেতৃত্বে উপজেলার চম্পটপাড়া, আলীর বাজার, চিনারী বাজার, আবাসিক এলাকা ও চৈক্ষ্যং রাস্তার মাথাসহ বিভিন্ন পয়েন্টে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় সন্ধ্যার পর অপ্রয়োজনীয় আড্ডা, ওহেতুক ঘোরাঘুরি ও ক্যারাম খেলাসহ বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ১৯ কিশোরকে সতর্কতামূলকভাবে আটক করা হয়।পরে আটক কিশোরদের থানায় নিয়ে এসে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। থানায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে অভিভাবকদের সাথে কিশোরদের আচরণ, মাদক থেকে দূরে রাখা ও বন্ধু নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ভবিষ্যতে সদাচরণ করা এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে ১৯ কিশোরকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, ‘কিশোরদের অপরাধী হিসেবে চিহ্নিত করা আমাদের উদ্দেশ্য নয়। তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। কিশোরদের আচরণ ও চলাফেরার বিষয়ে পরিবার থেকেই প্রথম সচেতনতা তৈরি করতে হবে।’পুলিশ জানায়, অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাদক ও কিশোর গ্যাংবিরোধী এ ধরনের বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলীকদমে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান, আটক ১৯