প্রতিদিনের বান্দরবান

ঈদগাঁওয়ে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকার থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হক জানান, নিহত দুই পুরুষের প্রাথমিক পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার সাইফুল ইসলাম। তবে নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয় পথচারীরা আহত অপর যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদগাঁওয়ে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩